হেফাজত ইসলাম কোন নির্বাচনে কাউকে মনোনয়ন বা সমর্থন দিবে না

হেফাজত ইসলাম কোন নির্বাচনে কাউকে মনোনয়ন বা সমর্থন দিবে না
     ---আল্লামা শাহ আহমদ শফী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী ও মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী আজ একযুক্ত বিবৃতিতে বলেছেন, হেফাজতে ইসলাম একটি আধ্যাত্মিক ও আত্মসংশোধনমূলক সংগঠন। এটি সার্বজনীন অরাজনৈতিক একটি প্লাটফরম। মুসলমানদের ঈমান-আক্বীদা, সভ্যতা-সংস্কৃতি, ইসলামের বিধান ও প্রতীকসমূহের হেফাজত করার জন্যে মুসলমানদের সচেতন করে তোলা এবং ধর্মীয় ইস্যুতে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখা হেফাজত ইসলামের প্রধান লক্ষ্য।

হেফাজত নেতৃদ্বয় বলেন, তথ্যপ্রযুক্তির উন্নয়নের সাথে সাথে ফেতনাও দ্রুত ছড়িয়ে পড়ছে। ফলে মুসলমানদের মধ্যে হিংসা, বিদ্বেষ ও বিভেদ বাড়ছে। ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কূটচাল ব্যর্থ হয়ে হেফাজতকে নিয়ে সেকুলার মিডিয়া উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ও মিথ্যাচার চালাচ্ছে। হেফাজতে ইসলাম মুসলমানদের ঈমান-আক্বীদা ও তাহযীব-তামাদ্দুন সংরক্ষণে সর্বাত্মক ও আপোসহীন ভূমিকা পালন করে যাবে ইনশাআল্লাহ।

হেফাজত কোন রাজনৈতিক সংগঠন নয় এবং কোনো রাজনৈতিক লক্ষ্য হেফাজতের নেই। কারো সঙ্গে আমাদের রাজনৈতিক স্বার্থভিত্তিক বন্ধুত্ব বা শত্রুতা নেই। রাজনৈতিক কোন মোর্চার সাথে হেফাজতের কোন সম্পর্কও নেই।

নেতৃদ্বয় আরো বলেন, আমরা দেশবাসীকে জানাতে চাই যে, হেফাজত কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। জাতীয়, স্থানীয় বা সিটি নির্বাচনে হেফাজত কাউকে মনোনয়ন বা সমর্থন দেয় নি, দিবেও না।
সম্প্রতি কয়েকটি জাতীয় দৈনিকে “আগামী সংসদ নির্বাচনে হেফাজতের প্রার্থী তালিকা চুড়ান্ত” এবং সিটি নির্বাচনে হেফাজতের সমর্থন” ইত্যাদি শিরোনামে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে হেফাজত নেতা-কর্মী, আলেম-উলামা ও ধর্মপ্রাণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

হেফাজত নেতৃদ্বয় বলেন, হেফাজত মুসলমানদের ঈমান-আক্বিদা রক্ষার সংগ্রামে একটি বৃহত্তম ধর্মীয় সংগঠন। আমরা এই ঈমানী আন্দোলনের নীতি ও আদর্শ সংরক্ষণে সদা প্রস্তুত রয়েছি। কোন ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়া, স্যোসাল মিডিয়া বা ব্যক্তি বিশেষের কথায় বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা সকলের প্রতি আহবান জানাচ্ছি।

হেফাজত নেতৃদ্বয় আরো বলেন, মহান আল্লাহ তা’আলা, মহানবী হযরত মুহাম্মদ সা. এর শান-মান মর্যাদা রক্ষায় এবং নাস্তিক্যবাদী অপশক্তি এবং বিশ্বব্যাপী ইসলাম ও মুসলমানদের  বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদী, রাম-বাম গোষ্ঠীর মুকাবেলায় আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। দেশী বিদেশী কোন অপশক্তি ইসলামকে ফুৎকারে উড়িয়ে দেয়ার স্পর্ধা দেখালে হেফাজতে ইসলাম এ দেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে তার দাতভাঙ্গা জবাব দেবে ইনশাআল্লাহ।

No comments

আপনাকে অনেক ধন্যবাদ

Powered by Blogger.