একক নির্বাচনের নামে লোক হাসানোর মানে বুঝছিনা!
একক নির্বাচনের নামে লোক হাসানোর মানে বুঝছিনা!
আলী আজম
ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতোমধ্যে প্রায় তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বলে শোনা যাচ্ছে। ওদিকে ইসলামী ঐক্যজোট সহ আরো বেশকিছু কওমী ঘরনার ইসলামী রাজনৈতিক দল এককভাবে জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছে। আচ্ছা আওয়ামীলীগ বিএনপি বাদ দিয়ে কওমী ঘরনার মোটামুটি পরিচিত দলগুলো যদি এককভাবে ভিন্নভিন্ন প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কওমী অঙ্গনের অবস্থাটা কেমন হবে ভেবেছেন কখনো? দেশের কিছুকিছু জায়গাতে যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা প্রবল সেখানে যদি ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে সবাই সমর্থন দেন তাহলে ধরে নেন সেখানে তারা জয়ী।
আর যেসমস্ত জায়গাতে ইসলামী ঐক্যজোটের প্রভাব বেশি সেখানে যদি ঐক্যবদ্ধভাবে ঐক্যজোট প্রার্থীকে সমর্থন দেওয়া হয়, সুষ্ঠু ভোট হলে ধরে সেখানে তারা জয়ী হবেন। ঠিক একই রকমভাবে দেশের যেখানে যার প্রভাব বেশি সেখান থেকে যদি তাকে কিংবা সে দলীয় প্রার্থীকে সমর্থন দেওয়া হয়, তাহলে তারা নিশ্চয় জয়ী হবেন। এখন যদি এসব বিষয় বিবেচনা না করে স্রেফ তিনশো আসনে প্রার্থী দেখানোর লক্ষ্যে প্রত্যেক দল নিজ দলীয় প্রার্থীকে সমর্থন দিয়ে দেয় অবস্থাটা কতো গুরুতর হবে ভেবেছেন? আমার ভয় হচ্ছে আজকে যেখানে আওয়ামীলীগ বিএনপি নিয়ে মারামারি হয় কাল সেখানে নিজেদের মধ্যে মারামারি হবে নিশ্চিত।
আচ্ছা দেশের সবকটি ইসলামী দলের উদ্দেশ্য যদি হয় ক্ষমতায় গিয়ে ইসলামের পক্ষে কাজ করা তাহলে তারা কেনো ভিন্নভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছে আমার বুঝে আসে না মোটেও। দেশের প্রতিটি ইসলামী দল যদি প্রতিটি থানাতে আলাদা আলাদা প্রার্থী দেয় তাহলে নিজেদের অভ্যন্তরীণ সম্পর্কটা কোন পর্যায়ে ঠেকবে একবারও কি আপনারা ভেবেছেন? আমি নিশ্চিত যদি সব ইসলামী দল আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আমাদের আম ছালা দুটোই যাবে। কারণ এভাবে ইসলামী দলগুলো একটি আসন পাওয়ার সম্ভাবনা নেই। কারণ নিজেরা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বামরা নির্বাচিত হয়ে যাবে।
তাহলে কেনো শুধুশুধু অহেতুক এই বৃথা আয়োজন?
No comments
আপনাকে অনেক ধন্যবাদ